সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন অর্থবর্ষের শুরুতেই স্বস্তি। একলাফে অনেকখানি কমল বাণিজ্যিক গ্যাসের দাম। ১ এপ্রিল থেকেই কার্যকরী হবে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম। সিলিন্ডারপিছু ৪১ টাকা করে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। ফলে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭২ টাকা। তবে গৃহস্থালির কাজে ব্যবহৃত ১৪ কেজি সিলিন্ডারের দাম কমেনি।
এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতায় সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম হচ্ছে ১৮৭২ টাকা। মার্চে এই দাম ছিল ১,৯১৩ টাকা। তবে সেবার সিলিন্ডারপিছু ৬ টাকা করে বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। ফেব্রুয়ারি মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯০৭ টাকা। তবে এপ্রিলে নতুন অর্থবর্ষ শুরু হতেই সিলিন্ডারের দাম বেশ খানিকটা কমানোর সিদ্ধান্ত নিল এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি। নতুন দর অনুযায়ী, মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম পড়ছে ১৭১৪ টাকা। দিল্লি এবং চেন্নাইয়ে যথাক্রমে সিলিন্ডারের দাম ১৭৬২ এবং ১৯২৪ টাকা।
বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। এর আগে ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের ঠিক আগে আগে সামান্য কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তার আগে জানুয়ারিতেও সামান্য কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম। মার্চ মাসে কিছুটা বেড়ে যায় গ্যাসের দাম। তবে নতুন অর্থবর্ষের শুরুতেই চওড়া হাসি ব্যবসায়ীদের মুখে। গ্যাসের দাম কমায় লাভ বাড়বে ব্যবসায়।
হোটেল-রেস্তরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয়। মূল্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লে নিঃসন্দেহে তা চাপ বাড়ায় ব্যবসায়ীদের। চাপে পড়েন LPG চালিত গাড়ির মালিকরাও। ফলে সাধারণ মানুষের উপরও পরোক্ষে মূল্যবৃদ্ধির চাপ খানিকটা বাড়ে। তবে এপ্রিল মাসটুকু অন্তত স্বস্তিতে থাকবেন আমজনতা।
সর্বশেষ খবর
-
কপার-টি থাকা সত্ত্বেও গর্ভে সন্তান! কতটা নিরাপদ এই প্রেগন্যান্সি?
-
চিনি-গুড় প্রয়োজন নেই, মিষ্টিমুখের ইচ্ছে হলে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর গ্রিন মুগ লাড্ডু
-
হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন, চাওয়া হচ্ছে টাকা! পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক
-
‘লাশের রাজনীতি করতে ভালোবাসেন…’, হালিশহর প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মুকুল-পুত্র!
-
শান্তি বহু দূর! ইরানকে ‘শিক্ষা’ দিতে হরমুজে মার্কিন রণসজ্জা, প্রণালী ঘিরল ২০ ‘জলদানব’