Advertisement
Advertisement
ফুটবলের মহাযুদ্ধ
Argentina Football Team

চোটের জন্য দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত মন্টিয়েল, ‘আসাদো’ আর লা মোনায় ডুবে মেসিরা

কোচ স্কালোনি আর ক্যাপ্টেন মেসির আমলে আর্জেন্টিনা টিম যেন একটা পরিবারে পরিণত হয়েছে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৮:২৬

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৮:২৬

options
link
চোটের জন্য দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত মন্টিয়েল, ‘আসাদো’ আর লা মোনায় ডুবে মেসিরা zoom
অস্ট্রিয়ার বিরুদ্ধেও দেখা যাবে মেসি-মায়া? ছবি সংগৃহীত।

দুই লিও– কোচ স্কালোনি আর ক্যাপ্টেন মেসির আমলে আর্জেন্টিনা টিম যেন একটা পরিবারে পরিণত হয়েছে। ফুটবল খেলাটা অবশ্যই মুখ্য তাদের কাছে। কিন্তু তাই বলে সেটাই সব নয়। বিশ্বকাপের মতো প্রতিযোগিতার মাঝেও হঠাৎ করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে বর্তমান বিশ্বজয়ীদের শিবিরে।

কাতার বিশ্বকাপের সময় একটা খবর চমকে দিয়েছিল ফুটবলবিশ্বকে। দেশ থেকে প্রচুর পরিমাণে মাংস নিয়ে এসেছিল আর্জেন্টিনা (Argentina Football Team)। সবমিলিয়ে ৯০০ কেজিরও বেশি। আসলে দুই লিওর আমলে ‘আলবিসেলেস্তে’ শিবিরে একটা বিষয় রীতিমতো নিয়মে পরিণত হয়েছে। খোলা আকাশের নিচে ‘বারবিকিউ’ করা। স্প্যানিশে যাকে বলে ‘আসাদো’। বিশ্বকাপে বেসক্যাম্প তৈরির ক্ষেত্রেও যে কাজের জন্য পর্যাপ্ত জায়গা আছে কি না, আর্জেন্টিনা শিবিরে সেটা সমান গুরুত্ব পায় প্র্যাকটিসের পরিকাঠামোর মতোই। যা খবর, এবার বিশ্বকাপ খেলতে আসার সময় প্রায় একই পরিমাণ মাংস সঙ্গী হয়েছে মেসিদের। কানসাস সিটিতে ইতিমধ্যে বার দু’য়েক ‘আসাদো’ করাও হয়ে গিয়েছে তাঁদের। যে কাজে রাঁধুনির ভূমিকা নিয়েছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। যে দক্ষতার সঙ্গে তিনি গড় রক্ষা করেন, সেভাবেই স্টেক তৈরি করতে দেখা গিয়েছে তাঁকে। ‘আসাদোর’ মেনুতে ছিল প্রোভোলেতা, চোরিজো, সুইটব্রেডস এবং রিবেয়ে স্টেক। এমনকী দলের নিউট্রিশনিস্ট কেন সেখানে নেই, তা নিয়েও রসিকতা করতে শোনা গিয়েছে মার্টিনেজকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আসলে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় এসেছে। যে জয়ের আনন্দ বাড়িয়েছে মেসির হ্যাটট্রিক। পরের ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে সে জন্য বেশ ফুরফুরে মেজাজে বিশ্বজয়ীরা। ‘বারবিকিউ’ করাটা যেন তারই প্রমাণ। এরমধ্যে আবার প্রথম ম্যাচের আগে দলের সঙ্গে দেখা করেছেন সে দেশের প্রবাদপ্রতিম শিল্পী কার্লোস জিমেনেজ, যিনি পরিচিত ‘লা মোনা’ নামেই। মেসির সঙ্গে সাক্ষাতের ভিডিও পোস্ট করে আপ্লুত শিল্পী সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘মহান মানুষের বিনয়। এই মুহূর্তটা চিরস্মরণীয় হয়ে থাকবে। ৭৫ বছর বয়সেও স্বপ্নপূরণ করে চলেছি। তোমার হয়ে গলা ফাটাতে ডালাস চলে এসেছি।’ পোস্ট করা ভিডিওয় দু’জনের কথোপকথন এরকম:

লা মোনা: আমি তোমার সঙ্গে দেখা করতে মুখিয়ে ছিলাম!
মেসি: আমিও! আপনি অসাধারণ। একজন কিংবদন্তি।
লা মোনা: জানুয়ারিতে আমি ৭৬ হয়ে যাব। বুড়ো হচ্ছি।
মেসি: কিন্তু আপনি এখনও দারুণ অবস্থায় আছেন।
লা মোনা: ঈশ্বরকে ধন্যবাদ। আমি নিজের খেয়াল রাখি!

অবশ্য আর্জেন্টিনা শিবিরে যে কোনও কাঁটা নেই, এমন নয়। ফাউল করেও মেসির কার্ড না দেখা নিয়ে ফিফার কাছে নালিশ ঠুকেছে আলজেরিয়া। সে ম্যাচে চোটের জন্য দ্বিতীয়ার্ধে মাঠে নামেননি গঞ্জালো মন্টিয়েল। যা খবর, অস্ট্রিয়া ম্যাচেও নেই তিনি। বেসক্যাম্পে ফিরে দল অনুশীলনে নেমেছে। কিন্তু সেখানে ছিলেন না মন্টিয়েল। যা খবর, রাইট ব্যাক হিসেবে শুরু করবেন নাহুয়েল মোলিনা। নিকোলাস ওটামেন্ডি, জুলিয়ান আলভারেজ, নিকো পাজরা প্রথম ম্যাচে পরিবর্ত হিসেবে নেমেছিলেন বটে। তবে অস্ট্রিয়ার বিরুদ্ধে তাঁদের শুরু করার সম্ভাবনা কম। এর বাইরে থিয়াগো আলমাদাও প্রথম একাদশ থেকে বাদ পরতে পারেন। নিকোলাস টাগলিয়াফিকো পুরোপুরি ফিট হলেও লেফট ব্যাকে ফাকুন্দো মেদিনার উপরই ভরসা রাখছেন কোচ স্কালোনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.