Advertisement
Advertisement
Neymar

‘কোনও তারকা চাই না’, নেইমারকে দলে রেখেও বিশ্বকাপে খেলানোর শর্ত বেঁধে দিলেন অ্যান্সেলোত্তি

একটা প্রশ্ন তাড়া করতে শুরু করল আন্সেলোত্তিকে। তিনি যে ছাব্বিশ জনের ব্রাজিল দল ঘোষণা করলেন, তা আদৌ ব্রাজিলের সেরা দল তো?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৮:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৮:১২

options
link
‘কোনও তারকা চাই না’, নেইমারকে দলে রেখেও বিশ্বকাপে খেলানোর শর্ত বেঁধে দিলেন অ্যান্সেলোত্তি zoom
নেইমার ও কার্লো আন্সেলোত্তি। ফাইল ছবি

গত এক মাস যাবৎ পথে-ঘাটে, যত্র-তত্র, একটা প্রশ্ন শুনে যেতে হয়েছে ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তিকে। স্কুল পড়ুয়া। কলেজ স্টুডেন্ট। সাংবাদিক। ফুটবল কর্তা। ফ্লাইটের পাইলট। প্রত্যেকে বিভিন্ন সময়ে ডন কার্লোকে একই প্রশ্ন করে গিয়েছেন ঘুরিয়ে-ফিরিয়ে-নেইমারকে ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডে আপনি রাখছেন তো? তা, সেই প্রশ্নের কাঙ্খিত উত্তর সোমবার গভীর রাতে দিয়ে দিলেন আন্সেলোত্তি। নেইমারকে দলে রেখেই বিশ্বকাপের ছাব্বিশ জনের ব্রাজিল স্কোয়াড তিনি ঘোষণা করে দিলেন। সেই নেইমার, যাঁকে বিশ্ব ফুটবলের রাজপুত্র বলে। যিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সেই নেইমার, যিনি ২০২৩ অক্টোবরের পর টিমে ডাক পেলেন এই প্রথম, একেবারে সরাসরি বিশ্বকাপে!

গত রাতে রিও ডি জানেইরোর বিশাল হল ‘মিউজিয়ামে’ ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেন আন্সেলোত্তি। নেইমরারে নাম ঘোষণা হওয়া মাত্র উল্লাসে ফেটে পড়েন উপস্থিত সমর্থকরা। তার ডেসিবেল এতই সু-উচ্চ ছিল যে, দলের বাকি নাম ঘোষণা থামিয়ে মিনিট পাঁচেক চুপচাপ বসে থাকতে হয় ব্রাজিল কোচকে। মার্সেলোর মতো নেইমারের এক সময়ের সতীর্থরা সোশ্যাল মিডিয়ায় উল্লাস শুরু করে দেন। ব্রাজিল তারকার স্কুলের কচিকাঁচারা উৎসব শুরু করে দেয়। আনন্দ-আবেগ দেখলে কে বলবে, ব্রাজিল বিশ্বকাপ জেতেনি। তাদের বিশ্বকাপের দল ঘোষণা হয়েছে মাত্র!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Neymar speaks out after latest Brazil squad omission
নেইমার। ফাইল ছবি

তবে সে আবেগ-পর্ব মিটতে আরও একটা প্রশ্ন তাড়া করতে শুরু করল আন্সেলোত্তিকে। তিনি যে ছাব্বিশ জনের ব্রাজিল দল ঘোষণা করলেন, তা আদৌ ব্রাজিলের সেরা দল তো? চেলসি জার্সিতে ইপিএল কাঁপানো জোয়াও পেদ্রো নেই। বাদ। চেলসিরই বাইশ বছর বয়সী মিডফিল্ডার আন্দ্রে সান্টোস নেই। বাদ। ইন্টার মিলানের লেফট ব্যাক কার্লোস অগাস্তো নেই। বাদ। জোয়েলিংটন নেই। বাদ। সর্বোপরি, দলে একাধিক ‘বুড়ো’ প্লেয়ার। মারকুইনহোস। ডিফেন্ডার দানিলো। কাসেমিরো। নেইমার। অ্যালিসন বেকার। অ্যালেক্স সান্দ্রো। এঁদের কেউ তেত্রিশ, কেউ চৌত্রিশ, কেউ পঁয়ত্রিশ। ফুটবল সমালোচকদের অনেকেই কিন্তু ভ্রু কুঁচকে সন্দেহ প্রকাশ করছেন, আদৌ এই দল নিয়ে ব্রাজিলের পক্ষে বিশ্বকাপে কিছু করা সম্ভব কি না? বলাবলি চলছে, টিমে অভিজ্ঞতার দাম নিশ্চয়ই রয়েছে। কিন্তু বিপক্ষের গতির সঙ্গে কাসেমিরো-দানিলো-সান্দ্রোরা পাল্লা দিতে পারবেন তো? ফুটবল যে দিন শেষে আজও তারুণ্যের খেলা!

জোয়াও পেদ্রোকে দলে না রাখতে পেরে ব্রাজিল ফরোয়ার্ডের কাছে ক্ষমা চেয়েছেন আন্সেলোত্তি। দল ঘোষণা শেষে সাংবাদিক সম্মেলনে বলেছেন, “পেদ্রোর জন্য আমার খারাপ লাগছে খুব। ও দলে থাকার যোগ্য ছিল। কিন্তু নির্দিষ্ট কিছু প্রয়োজনের কারণে ওকে টিমে রাখতে পারলাম না। ক্ষমা চাইছি পেদ্রোর কাছে।” তবে একই সঙ্গে ব্রাজিলের বিশ্বখ্যাত কোচ জানিয়ে দিয়েছেন যে, নেইমার দলে আছেন মানেই যে প্রতি ম্যাচেই খেলবন কিংবা স্টার্ট করবেন, মোটেও তা নয়! নেইমার নিজে বিশ্বকাপ দলে ডাক পেয়ে অত্যন্ত খুশি। বাড়িতে নিজের এক বন্ধুর সঙ্গে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা গত রাতে দেখেছেন যিনি। পরে তাঁর বন্ধু জানিয়েছেন যে, আন্সেলোত্তি নাম ঘোষণা করার পর নিজের আবেগ সামলে রাখতে পারেননি ব্রাজিল মহাতারকা। বারবার নাকি বলে ফেলেছেন, “আবার একটা বিশ্বকাপ খেলব আমি। আবার একটা!” কিন্তু আন্সেলোত্তির পরবর্তী কথাবার্তা তাঁর কতটা ‘সুমধুর’ লাগবে, বলা মুশকিল। কারণ, ব্রাজিল কোচ স্পষ্ট করে দিয়েছেন যে, নামটা নেইমার বলেই সব সময় তাঁকে খেলাবেন না তিনি। দলে তারকা তাঁর দরকার নেই! “কোনও সন্দেহ নেই, নেইমার আসন্ন বিশ্বকাপে আমাদের টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার হবে। কিন্তু টিমের বাকি পঁচিশ জনের মতোই ওর কাজ। নেমার টিমে থাকতেও পারে, আবার না-ও পারে। কখনও কখনও বেঞ্চেও থাকতে হতে পারে ওকে,” স্পষ্ট জানিয়ে দিয়েছেন ‘কার্লেটো’। সঙ্গে যোগ করেছেন, “একটা কথা পরিষ্কার বলে দিতে চাই। নেইমার যদি খেলার যোগ্য হয়, খেলবে। নইলে খেলবে না। আমি দলে কোনও তারকা চাই না। আমি চাই এমন একটা টিম যারা টিমকে ট্রফি জেতানোর জন্য খেলবে। প্রাণপাত করবে।” শোনা যাচ্ছে, নেইমারকে সেন্ট্রাল অ্যাটাকার হিসেবে ব্যবহার করতে পারেন আন্সেলোত্তি। কোন ভূমিকায় তিনি খেলবেন, আর কয়েক দিনে জানা যাবে। তবে একটা কথা এখনই ভালো রকম বোঝা যাচ্ছে। ব্রাজিল ফুটবলের চিরাচরিত তারকা প্রথা তুলে দিতে চাইছেন কার্লো আন্সেলোত্তি। চিরতরে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.