Advertisement
Advertisement
World Cup Football

আর্জেন্টিনা সমর্থকদের স্বস্তি দিয়ে অনুশীলনে মেসি, নেইমার নিয়ে কী ভাবছে ব্রাজিল?

মেসি অনুশীলনে নামলেও আর্জেন্টিনার চিন্তা গোলরক্ষক মার্টিনেজের চোট নিয়ে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০১:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০১:২৩

options
link
আর্জেন্টিনা সমর্থকদের স্বস্তি দিয়ে অনুশীলনে মেসি, নেইমার নিয়ে কী ভাবছে ব্রাজিল? zoom
ফাইল ছবি।

লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র। লাতিন ফুটবলের দুই নক্ষত্র। প্রথমজন তো বটেই, হয়তো দ্বিতীয়জনের ক্ষেত্রেও এটাই শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2026)। তবে কেরিয়ারের সম্ভাব্য অন্তিম ‘মহাযুদ্ধে’ নামার আগে আলোচনা চলছে দু’জনের চোট নিয়ে। অবশ্য এখন দু’জনের ক্ষেত্রে ছবিটা ভিন্ন। মেসি বল পায়ে আর্জেন্টিনার অনুশীলনে নেমে পড়েছেন। নেইমার আগামী সপ্তাহে অনুশীলনে ফিরতে পারেন। তবে সেটা হবে যদি স্ক্যান রিপোর্ট ঠিক থাকে।

মে মাসের শেষদিকে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় মেসির চোট নিয়ে জল্পনা শুরু হয়। এমএলএসে ম্যাচের মাঝে পায়ে অস্বস্তি হওয়ায় মাঠ ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা। তবে পরবর্তীতে জানা যায়, চোট লাগেনি মেসির। বরং পেশির ক্লান্তি সংক্রান্ত সমস্যায় ভুগছেন তিনি, যা ঠিক হয়ে যাবে পর্যাপ্ত বিশ্রামেই। গত সোমবার থেকে কানসাস সিটিতে শুরু হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ শিবির। সেখানে যোগ দিলেও দলের সঙ্গে অনুশীলনে আসেননি মেসি। বরং জিমে নিজের মতো করে প্রস্তুতি সারছিলেন। অবশেষে ভারতীয় সময় বৃহস্পতিবার রাত থেকে দলের সঙ্গে বল পায়ে নেমে পড়েছেন তিনি। এর আগে হন্ডুরাসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল আর্জেন্টাইন মহাতারকাকে। তবে আইসল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলিতে পরিবর্ত হিসেবে মাঠে নামার সম্ভাবনা রয়েছে মেসির। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে তেমন কোনও আশঙ্কা নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অবশ্য একা মেসি নন, চোটসমস্যা নিয়ে কোচ লিওনেল স্কালোনির শিবিরে যোগ দিয়েছিলেন আরও কয়েকজন তারকা। যেমন এমিলিয়ানো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, লিয়ান্দ্রো পারেদেস, ক্রিশ্চিয়ানো রোমেরো, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, নিকো গঞ্জালেজ, থিয়াগো আলমাদা এবং নিকো পাজ। এদের মধ্যে অধিকাংশই রিহ্যাব-পর্ব শেষ করে দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন। বাকিরা এখনও চোট সারানোর প্রক্রিয়ায় মধ্যে রয়েছেন। যেমন গোলকিপার মার্টিনেজ। তাঁর ডান হাতের আঙুল ভেঙেছে। ফলে এখনও পুরোদমে অনুশীলনে নামেননি তিনি। এমনকী আইসল্যান্ডের বিরুদ্ধে মার্টিনেজের খেলার সম্ভাবনাও নেই।

এদিকে নেইমারের চোট বেশ গুরুতর। মে মাসের মাঝে নতুন করে তাঁর হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড ২ টিয়ার’ হয়েছে। তা সত্ত্বেও কোচ কার্লো আন্সেলোত্তি তাঁকে স্কোয়াডে রেখেছেন। দলের সঙ্গে কলম্বিয়া পার্কের ‘বেস ক্যাম্পে’ নেইমার চলেও এসেছেন। তবে এখনও শুধু জিমে সময় কাটাচ্ছেন সাম্বা সুপারস্টার। দলের সঙ্গে তো দূর, একাও বল পায়ে অনুশীলন করছেন না। ব্রাজিল শিবির সূত্রে খবর, আরও দু’সপ্তাহ সময় লাগবে নেইমারের ফিট হতে। কোচ আন্সেলোত্তি অবশ্য মনে করছেন, আগামী সপ্তাহে মাঠে নামতে পারেন তাঁর সেরা অস্ত্র।
“নেইমারের পরিস্থিতি বিশেষ জটিল নয়। আপাতত একা অনুশীলন করছে ও। এই সপ্তাহের শেষে ওর চোটের স্ক্যান হবে। আর তার রিপোর্ট যদি ঠিক থাকে, তবে আগামী সপ্তাহে দলের সঙ্গে প্র্যাকটিসে নেমে পড়বে”, বলে দিয়েছেন আন্সেলোত্তি। মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অবশ্য নেই নেইমার। মরক্কো ম্যাচ দিয়ে বিশ্বকাপে নামছে ব্রাজিল। সে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনাও বেশ কম।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.