Advertisement
Advertisement
FIFA World Cup 2026

‘বিশ্বকাপ থেকে বার করে দেওয়া হোক’, রেফারিং নিয়ে ফিফার কাছে লিখিত অভিযোগ মিশরের

ভাইরাল হয়েছে মহম্মদ সালাহর মন্তব্যও। তিনি বলেন, "রেফারিং নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। বললে সমস্যায় পড়ব।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২১:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২১:৪১

options
link
‘বিশ্বকাপ থেকে বার করে দেওয়া হোক’, রেফারিং নিয়ে ফিফার কাছে লিখিত অভিযোগ মিশরের zoom
ফিফার কাছে লিখিত অভিযোগ মিশরের। ছবি সংগৃহীত।
Advertisement

আর্জেন্টিনার কাছে হার এখনও মেনে নিতে পারছে না মিশর। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হারতে হয়েছে তাদের। সেই হারের জন্য সরাসরি রেফারিকে দায়ী করে এবার ফিফার কাছে লিখিত অভিযোগ জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।

স্পেনের সংবাদমাধ্যম দিয়ারিও এএস-এর প্রতিবেদন অনুযায়ী, মিশর ফুটবল সংস্থার সভাপতি হানি আবো রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তাঁর রেফারিং দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। সেখানে বলা হয়েছে, মিশরের বিরুদ্ধে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা তদন্ত করে দেখা উচিত। একই সঙ্গে লেতেক্সিয়ে ও তাঁর রেফারিং দলকে বিশ্বকাপের বাকি ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়ারও আবেদন জানিয়েছে মিশর।

Advertisement

ম্যাচ শেষে ক্ষোভ উগরে দেন মিশরের কোচ হোসাম হাসানও। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “কে কী মনে করল তাতে আমার কিছু যায়-আসে না। আমি সত্যি কথাটাই বলতে এসেছি। ভালো ভালো কথা বলতে এখানে আসিনি। আমাদের সঙ্গে অন্যায়ভাবে প্রতারণা করা হয়েছে। গভীর অবিচারের শিকার হয়েছি আমরা।” মিশরের অভিযোগ, আর্জেন্টিনার তৃতীয় গোল হওয়ার আগে তাদের একটি স্পষ্ট পেনাল্টি পাওয়া উচিত ছিল। তাদের দাবি, বক্সের মধ্যে হামদি ফাতিকে ফাউল করেছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। কিন্তু রেফারি পেনাল্টি দেননি। এমনকী ভিএআরেও ঘটনাটি পর্যালোচনা করা হয়নি। এ প্রসঙ্গে হাসান বলেন, “ফেয়ার প্লে-কে কোনও রকম সম্মান দেখানোই হল না। পেনাল্টি বাতিল করে দেওয়া হল। ভিএআরও পরীক্ষা করার প্রয়োজন মনে করল না। দ্বিতীয় গোল অদ্ভুত ভাবে বাতিল করা হয়েছে। সেখানেও ভিএআর পরীক্ষা করা হয়নি। অথচ আমরা সবাই দেখেছিলাম কী ভাবে পিছন থেকে জার্সি ধরে টানা হয়েছে।”

রেফারির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মিশর কোচ। তাঁর কথায়, “রেফারি ভাল ছিলেন না। অবিচার করেছেন আমাদের সঙ্গে। শুরু থেকে আমাদের বিরুদ্ধে সব সিদ্ধান্ত নিচ্ছিলেন। উনি চাননি আমরা জিতি। এই ম্যাচ চুরি করা হয়েছে। আমাদের দোষ ছিল না।” শুধু রেফারিং নয়, ফিফার ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন হাসান। তিনি বলেন, “ওরা বোধহয় বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে চায়। হয়তো চায় মেসি আরও কিছু ক্ষণ খেলুক। ফুটবলে কিছু বাইরের শক্তিও রয়েছে, যাদের সামনে কৌশলগত বুদ্ধি কাজে লাগে না। আর্জেন্টিনা সমস্ত বিভাগে ফিফার সাহায্য পাচ্ছে।” ম্যাচের পর মৌখিক অভিযোগেই থেমে থাকেনি মিশর। এবার ফিফায় লিখিত অভিযোগ দায়ের করেছে তারা। অন্যদিকে ভাইরাল হয়েছে মহম্মদ সালাহর মন্তব্যও। তিনি বলেন, “রেফারিং নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। বললে সমস্যায় পড়ব।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.