নিরুফা খাতুন: সকাল থেকে মুখভার আকাশের। দু-চার ফোঁটা বৃষ্টিও হয়েছে। চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। তাই পুজোর আগে শেষ শনিবার কেনাকাটির পরিকল্পনা থাকলেও, তাতে বাদ সাধতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি। তার ফলে দিন ও রাতের তাপমাত্রা কমেছে কিছুটা।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায়। অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত। তার প্রভাবে শনিবারেও মেঘলা আকাশ। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। রবিবারও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তবে ক্রমশ কমবে বৃষ্টিপাতের পরিমাণ। বিক্ষিপ্তভাবে কোনও কোনও জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে শনিবারও ভারী বৃষ্টির সতর্কতা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। কমবে বৃষ্টির পরিমাণ। তবে হালকা বৃষ্টিতে ভিজতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার। লাগাতার বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। প্লাবিত হতে পারে নিচু এলাকা। ক্ষতি হতে পারে শস্যের। এদিকে, একটানা বৃষ্টির ফলে রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৭ থেকে ৯৫ শতাংশ।
সর্বশেষ খবর
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!
-
বন্দুকের নলের ডগায় সুনীল শেট্টির জীবন! হাড়হিম করা কোন ঘটনার সাক্ষী অভিনেতা?
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
তড়িঘড়ি দেহ সৎকারে চাপ! নির্মল-সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর অভয়ার বাবার, ঠিক কী ঘটেছিল শ্মশানঘাটে?