জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: হিন্দু নির্যাতনে অশান্ত বাংলাদেশ। একের পর এক ভারতবিরোধী কথা বলে যাচ্ছেন মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। কিন্তু এই পরিস্থিতিতে সৌহার্দ্যের নজির গড়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এদেশে মৃত্যু হয়েছে ভারতীয় ভাইয়ের। তাই শেষবারের মতো ভাইকে দেখতে চেয়েছিলেন বাংলাদেশের নাগরিক বোন। সেই ইচ্ছেই পূরণ করেছে বিএসএফ। কাঁটাতারের ওপারে থাকা বোনকে নো ম্যানস ল্যান্ডে এসে ভাইকে দেখার সুযোগ দিলেন জওয়ানরা।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বাগদা থানার মুস্তফাপুর জিরো লাইনে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত লাগোয়া গাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা আবদুল খালিদ মণ্ডলের মৃত্যুর খবর বাংলাদেশের সর্দার বারিপোতা গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। মৃত ভাইকে শেষ বিদায় জানানোর জন্য বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে কাতর অনুরোধ জানান আবদুলের বোন।
এরপর বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের কাছে অনুরোধ জানাতেই কোম্পানি কমান্ডার আবদুলের পরিবারকে মৃতদেহ দেখার জন্য অনুমতি দেন। সেই অনুযায়ী বিএসএফ ও বিজিবির সমন্বয়ের মধ্যে নো ম্যানস ল্যান্ডে মৃত আবদুল খালিদকে দেখতে আসেন তাঁর বোন এবং আত্মীয়রা। ভাইয়ের মুখ দেখে চোখের জল মুছতে মুছতে বাড়ি ফেরার পথে বিএসএফকে বিশেষ কৃতজ্ঞতা জানালেন তাঁরা। মুস্তাফাপুরের স্থানীয় এক বাসিন্দার কথায়, “ভারতীয় ভাইকে জিরো পয়েন্টে দেখলেন বাংলাদেশি বোন। আর এটা সম্ভব হল আমাদের দেশের সীমান্তরক্ষী বাহিনীর জন্য।” এনিয়ে বিএসএফের এক আধিকারিক বলেন, আন্তর্জাতিক সীমান্তে বসবাসকারী মানুষের মানবিক ও সামাজিক চাহিদা পূরণের জন্যও ভারতের সীমান্তরক্ষী বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের