বাবুল হক, মালদহ: ত্রিপুরার পর মালদহ। বাংলাদেশিদের নাগরিকদের জন্য এবার দরজা বন্ধ করল মালদহের হোটেল। আজ মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। হিন্দুদের উপর আক্রমণের একের পর এক অভিযোগ আসছে ওপার বাংলা থেকে। তার প্রভাব পড়েছে এপার বাংলাতেও। পাশের রাজ্য ত্রিপুরায় চলছে প্রবল বিক্ষোভ। হোটেল, রেস্তরাঁর দরজা বাংলাদেশের নাগরিকদের জন্য বন্ধ করা হয়েছে।
মালদহের জেলার হোটেলগুলিতে এবার থেকে কি আর বাংলাদেশের নাগরিকদের থাকতে দেওয়া হবে না ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাসপোর্ট, ভিসা থাকলেও ওপার বাংলার কোনও নাগরিককে হোটেলের রুম দেওয়া হবে না। মালদহে ইংলিশবাজার শহরের সমস্ত হোটেল মালিককে সংগঠনের তরফ থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে খবর।
এদিকে, বিষটি নিয়ে মালদহ জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এখনও পুর্যন্ত কোনও লিখিত নির্দেশিকা আসেনি। সংগঠনের সম্পাদক, জেলা বণিকসভার সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “আমাদের সরকারি বা বেসরকারিভাবে কেউ কিছু জানায়নি। পরিস্থিতি বিচার করে নিজেদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্তের কথা সংগঠনের সদস্যদের জানিয়েছি। তবে নির্দেশিকা প্রকাশ করিনি।” হোটেল মালিক সৌরভ ভদ্ররায় বলেন, “বাংলাদেশে গোলমাল চলছে। ওপার থেকে এপারে অনুপ্রবেশ হচ্ছে। তাতে উদ্বিগ্ন হোটেল মালিকরা। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কোনও জঙ্গি এসে হোটেলে উঠতে পারে। নাশকতা হলে তার দায় কে নেবে? নিজেদের নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে।”
উল্লেখ্য, মালদহের ইংলিশবাজার থানার মহদিপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো বাংলাদেশি নাগরিক ভারতে আসেন। অনেকেই মালদহের হোটেলে ওঠেন। তারপর ট্রেন বা সড়কপথে ভারতের বিভিন্ন জায়গায় চলে যান। যদিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য এখন ওপারের অনেক কম সংখ্যক নাগরিক ভারতে আসছেন। মালদহের হোটেল মালিকদের অনেকেরই অভিযোগ, জেলায় প্রচুর অনুপ্রবেশ হচ্ছে। অনেকেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে। পাসপোর্ট, ভিসা জালও হতে পারে। সেই কারণেই এই সিদ্ধান্ত।
সর্বশেষ খবর
-
‘ও বরাবরই নোংরা, দোষ করেছে তাই গুলি খেয়েছে’, বারুইপুরে এনকাউন্টারে নিহত স্বামীর প্রতি একরাশ ক্ষোভ স্ত্রীর!
-
ছত্তিশগড়ে পিগ আয়রন কারখানায় ভয়ংকর বিস্ফোরণ, মৃত্যু ৩ শ্রমিকের
-
‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’, বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে বলছেন কামদুনির দুই প্রতিবাদী
-
ম্যাচ জিতিয়েও বাঁধ মানছে না কান্না! বিজয়াশ্রু নয়, মেসির চোখের জলের নেপথ্যে অন্য কাহিনি
-
মহারাজের জন্মদিনে ফিরল লর্ডসে জার্সি ওড়ানোর স্মৃতি! প্রকাশ্যে ফার্স্ট লুক, কবে মুক্তি?